রামপালে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
বাগেরহাটের রামপালে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের কালিকাপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামপাল থানার ওসি রফিকুল ইসলাম।
নিহত আব্দুল মাজেদ সরদার (৬৫) রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। তিনি কালিকাপ্রসাদ গ্রামের প্রয়াত আব্বাস সরদারের ছেলে।
ওসি রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ৮টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত মাজেদ সরদারকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।”
হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মাজেদের।
কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।
