২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা: গৃহকর্তার মৃত্যুদণ্ড, স্ত্রী-দুই ছেলের যাবজ্জীবন

বগুড়ায় একটি হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি তার স্ত্রী ও দুই ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 11:35 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন বিলু বগুড়া শহরের সরকারপাড়ার গফুর আলীর ছেলে। তার স্ত্রী নাসিমা বেগম এবং তাদের দুই ছেলে নাদিম ও আজিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় তাদের সঙ্গে যাবজ্জীবন দণ্ড হয়েছে রায়হান মিয়া নামে এক  প্রতিবেশীর।

বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. হাফিজুর রহমান সোমবার এই রায় দেন বলে বগুড়ার সহকারী পাবলিক প্রসিকিউটর নাসিমুল করিম হলি জানান।

মামলার বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের শিববাটিপাড়ার বাহার আলী শেখের ছেলে সাহিদুল ইসলাম ২০০৬ সালের ২৭ জুলাই দুপুরে কালিতলা হাটের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

“এ সময় পার্শ্ববর্তী সরকারপাড়ার বিলু নিজ বাড়িতে তালা লাগিয়ে স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে সন্দেহবশত ৩১ জুলাই থানায় মামলা করেন সাহিদুলের ভাই শাহিনুর।

“পরদিন ১ অগাস্ট সকালে বিলুর স্ত্রী নাসিমা বেগম বাড়ির পাশের একটি ডোবায় বস্তাবন্দি লাশ কচুরিপানা দিয়ে ঢাকার চেষ্টা করলে এলাকাবাসী তা টের পেয়ে যায়।”

পরে পুলিশ সাহিদুলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে।

কৌঁসুলি নাসিমুল বলেন, গ্রেপ্তারের পর বিলু ও তার দুই ছেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পূর্বশত্রুতার জের ধরে সাইদুলকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করার কথা স্বীকার করেন তারা।

দণ্ডিতদের মধ্যে নাসিমা বেগম ও রায়হান মিয়া পলাতক আছেন।