কেরানীগঞ্জে যুবলীগ নেতা ‘নিখোঁজ’
ঢাকার কেরানীগঞ্জে এক যুবলীগ নেতা তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন জানিয়ে থানায় জিডি করেছেন তার স্বজনরা।
‘নিখোঁজ’ হাবিবুর হাবিব (৪৫) উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি।
এ বিষয়ে সোমবার দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি জিডি করা হয় বলে তার ছেলে ফাহিম রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যায় রাজধানীর দয়াগঞ্জ থেকে কেরানীগঞ্জ ফেরার পথে তার বাবা নিখোঁজ হন।
হাবিবের স্ত্রী জোসনা বেগম বলেন, “কয়েক দিন আগে আমার স্বামী কেরানীগঞ্জের নতুন বাক্তারচর এলাকায় একটি হাউজিং কোম্পানির বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে নেতৃত্ব দেন ।
“এর জেরে ওই কোম্পানির এমডি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আমার স্বামীকে অপহরণ করিয়েছে।”
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবারের দাবি অনুযায়ী ঘটনাটি ঘটেছে রাজধানীর দয়াগঞ্জে। আমরা তাদের যাত্রাবাড়ী থানায় যোগাযোগ করতে বলেছি।”
