অর্থ আত্মসাৎ: চাকরি গেল ৬ সরকারি ক্ষুদ্রঋণ কর্মকর্তার
অর্থ আত্মসাতের দায়ে বাগেরহাট ও পিরোজপুরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
এরা হলেন- বাগেরহাট সদর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এসএমএ লতিফ, সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পুলক চন্দ্র দাস ও রিতা রাণী রায়, মাঠ সংগঠক মো. কামরুল ইসলাম ও হিসাব সহকারী মো. ইব্রাহিম হোসেন এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সুদেব কুমার মুশিদ।
রোববার পল্লী বিদ্যুৎ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমান এক আদেশের মাধ্যমে তাদের অব্যাহতি দেন বলে জানিয়েছেন পিরোজপুর অঞ্চলের উপ-পরিচালক শামীম আরা স্বপ্না।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুয়া ব্যক্তির নামে ঋণ বরাদ্দ দেখিয়ে এবং ঋণগ্রহিতাদের ফেরত দেওয়া কিস্তি জমা না করে অর্থ আত্মসাতের দুটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কার্যালয় সূত্রে জানা গেছে, বাগেরহাটের ওই পাঁচ কর্মকর্ত-কর্মচারীর বিরুদ্ধে ২০১৪ সালের মাঝামাঝি সময়ে প্রায় পৌনে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগ তদন্তে ওই বছরের অগাস্ট ও সেপ্টেম্বর মাসে খুলনা, বরিশাল ও ঢাকা থেকে আসা নিরীক্ষকরা পৃথক তিনটি নিরীক্ষা করেন।
প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিললে ৩ অক্টোবর তাদের বাগেরহাট সদর উপজেলা কার্যালয় থেকে তাৎক্ষনিক বদলির আদেশ দিয়ে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন কার্যালয়ে সংযুক্ত করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে বাগেরহাট সদর উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের একাধিক কর্মকর্তা জানান, উপজেলা কর্মকর্তা এসএমএ লতিফসহ সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে মোট তিন কোটি ৭৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
