ধানক্ষেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সিটি কর্পোরেশনের ঝাঝর এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির হোসেন জানান।
নিহত হাবিব মিয়া (১৮) গাজীপুর সিটি কর্পোরেশনের ডেগেরচালা এলাকার কলিম উদ্দিনের ছেলে। ডেগেরচালা এলাকায় মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে তার।
এসআই জাকির বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন হাবিব। দুপুরে ঝাঝর পশ্চিমপাড়া এলাকার একটি ধান ক্ষেতে স্থানীয়রা তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
