বাংলাদেশ ক্যান্সার সোসাইটির লটারি উদ্বোধন
তৃতীয়বারের মত লটারি ঘোষণা করেছে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি।
সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক লটারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের মানুষের মধ্যে ক্যান্সার ভীতি দূর ও সচেতনতা তৈরিতে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
লটারির প্রকল্প পরামর্শক মো. আলম কবির জানান, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি ২০১৫ সালে তৃতীয়বারের মতো এই লটারি আয়োজন করেছে।
১০ অক্টোবর থেকে লটারি বিক্রি শুরু হয়েছে। ২৩ নভেম্বর বিক্রি শেষ এবং ২ ডিসেম্বর লটারির ড্র হবে।
এবার ১০ লাখ টাকা করে তিন জনকে প্রথম পুরস্কার দেওয়া হবে। এছাড়া দুই লাখ টাকা দ্বিতীয় পুরস্কার ও এক লাখ টাকা তৃতীয় পুরস্কারসহ সর্বমোট ৬২০টি পুরস্কার দেওয়া হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদের মহাসচিব মোল্লা ওবায়েদুল্লাহ বাকী সভাপতিত্বে ঢাকা মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক ও বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমের পরিচালক অধ্যাপক মো. আব্দুল হাই স্তন ক্যান্সার বিষয়ে আলোচনা করেন।
