জিএফএমডির সভাপতি নির্বাচিত বাংলাদেশ
আগামী বছরের জন্য গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এই তথ্য জানান।
জাতিসংঘের সদস্য দেশগুলোর সাম্প্রতিক একটি উদ্যোগ গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। অভিবাসন সংকট নিরসন ও পরিস্থিতি উন্নয়নই এ উদ্যোগের লক্ষ্যে।
এছাড়া ইউনেস্কো সহযোগী প্রতিষ্ঠানের তালিকায় বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে তৃতীয় থেকে দ্বিতীয় ক্যাগারিতে উন্নীত করেছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, “ইউনেস্কোর সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল, ইউনেস্কোর সঙ্গে এটাকে অ্যাফিলিয়েটেড করা হয়েছে।
“ইউনেস্কোর সঙ্গে যেগুলো অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান তার ক্যাটাগরি আছে (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়)। এটা (আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট) ছিল তৃতীয় ক্যাটাগরির প্রতিষ্ঠান। সম্প্রতি ইউনেস্কো এটাকে দ্বিতীয় ক্যাটাগরিতে আপগ্রেড করেছে।”
এছাড়া লন্ডনভিত্তিক বাণিজ্য সাময়িকী ইমার্জিং মার্কেটসের বিচারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এশিয়ার ‘গভর্নর অব দ্য ইয়ার’ হওয়ায় মন্ত্রিসভা সন্তোষ প্রকাশ করেছে বলেও জানান সচিব মোশাররাফ হোসাইন।
