মুন্সীগঞ্জে অটোর চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার উপজেলার মহাখালী ইউনিয়নের কেওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী জানান।
নিহত ঝিনুক বেগম (২২) উপজেলার নয়াগাঁও এলাকার আব্দুল কাদেরের স্ত্রী।
ঝিনুকের ভাই হাবিবুর রহমান বলেন, মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিল ঝিনুক। পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে রাস্তায় পড়ে যায়।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি ইউনুচ আলী বলেন, ওই গৃহবধূর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
