গ্রামীণফোন নিয়ে সংবাদ: যমুনা-যুগান্তরকে আদালতের ‘নিষেধাজ্ঞা’
সূত্র উল্লেখ না করে ‘মিথ্যা ও ভুল’ সংবাদ পরিবেশনের অভিযোগে টেলিভিশন স্টেশন ‘যমুনা’ ও জাতীয় দৈনিক ‘যুগান্তরের’ বিরুদ্ধে হাজার কোটি টাকার দুটি মানহানি মামলা করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
অভিযোগ শুনে সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ শাহাদাত হোসেন ‘গ্রামীণফোনের বিরুদ্ধে’ সংবাদ প্রচারে প্রতিষ্ঠান দুটিকে ‘অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা’ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী তানজিম আল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ১৬ সেপ্টেম্বর থেকে বিভিন্ন তারিখে এই দুই সংবাদ মাধ্যম গ্রামীণফোনের বিরুদ্ধে ‘ভুয়া তথ্য’ দিয়ে সংবাদ পরিবেশন করায় এ মামলা করা হয়।
“আর্জিতে বলা হয়েছে- বিবাদীরা সূত্র উল্লেখ না করে ভিডিও ফুটেজ ব্যবহার করেছে, যার মধ্যে শ্রমিক অসন্তোষের একটি প্রতিবেদনও ছিল। এর মধ্যে কিছু ঢালাও এবং একতরফাভাবে তথ্য দিয়ে বাদী প্রতিষ্ঠানের বিরুদ্ধে খবর প্রকাশ করা হয়েছে, যেটি সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।”
যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর যমুনা গ্রুপের দুটি প্রতিষ্ঠান। এই গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্ত্রী ও ছেলেকেও মামলায় বিবাদী করা হয়েছে।
একটি মামলায় বিবাদী করা হয়েছে বাবুলের ছেলে যমুনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, প্রতিবেদক সীমা ভৌমিক ও মাসুদুজ্জামান রবিনকে।
অন্য মামলায় বাবুলের স্ত্রী যুগান্তরের প্রকাশক সাংসদ সালমা ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, পরিচালক এস এম আব্দুল ওয়াদুদ, রিপোর্টার মুজিব মাসুদ, মনির হোসেন ও যমুনা প্রিন্টিং প্রেসকে বিবাদী করা হয়েছে।
তানজিম বলেন, “গ্রামীণফোনের বিরুদ্ধে সংবাদ প্রচারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল। বিচারক আবেদন শুনে তা মঞ্জুর করেছেন। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না- সাত দিনের মধ্যে তা জানাতে বলেছে আদালত।”
সংশ্লিষ্ট আদালতের পেশকার সালাহউদ্দিনও গ্রামীণফোনের বিরুদ্ধে সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।
