প্রতিবেশীর সঙ্গে বিরোধে প্রাণ গেল কৃষকের
জমির আইলে গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে গোপালগঞ্জ সদর উপজেলায় প্রতিবেশীর শাবলের আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার সকালে সুকতাইল উত্তরপাড়া গ্রামে এ ঘটনার পর রাতে থানায় মামলা করেছেন নিহত জাহাঙ্গীর শেখের (৫৫) স্ত্রী শেফালী বেগম।
মামলার বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানান, গাছ লাগানো নিয়ে রোববার সকালে জাহাঙ্গীরের সঙ্গে তার প্রতিবেশী নাসির শেখের তর্ক হয়।
“এক পর্যায়ে ক্ষুব্ধ নাসির তার হাতের শাবল দিয়ে জাহাঙ্গীরের মাথায় আঘাত করে। গুরুতর আহত জাহাঙ্গীরকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
ওসি বলেন, ঘটনার পর থেকে নাসির শেখ পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
