যশোর পৌরসভার পানিতে কলেরার জীবাণু, আক্রান্ত দেড়শ
যশোর পৌরসভার পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটির কারণে কলেরার জীবাণুতে আক্রান্ত হয়ে দেড় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
পানির পাইপে ছিদ্র ও মলমূত্র নিষ্কাশনের লাইনের সঙ্গে পানির লাইন মিশে থাকায় রোগীদের শরীরে কলেরার জীবাণু প্রবেশ করছে, বলছেন যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শ্যামল কৃষ্ণ সাহা।
তিনি সাংবাদিকদের বলেন, প্রায় ১০ দিন আগে ডায়রিয়া আক্রান্ত কয়েকজন রোগী ভর্তি করা হয়। এ সংখ্যা দৈনিক বাড়ছে। শুক্রবার হাসপাতালে এই রোগী ছিলেন শতাধিক। রোববার ভর্তি হয়েছেন ৫৬ জন।
“পরে এদের শরীরে কলেরার জীবাণু পাওয়া যায়।”
শনিবার ঢাকার আইসিডিডিআরবি থেকে ছয় সদস্যের একটি গবেষক দল এসে রোগীদের সঙ্গে কথা বলে ও সরেজমিন পরিদর্শন করে কলেরার জীবাণু ছড়িয়ে পড়ার কারণ চিহ্নিত করেছে বলে জানান শ্যামল কৃষ্ণ।
গবেষক দলের বরাত দিয়ে তিনি বলেন, গবেষণায় পাওয়া গেছে আক্রান্ত রোগীদের বসবাসের এলাকায় সরবরাহ করা পানিতে অস্বাভাবিক ত্রুটি রয়েছে।
“পানির পাইপের একাধিক স্থানে ছিদ্র আছে। মলমূত্র নিষ্কাশনের লাইনের সঙ্গে পানি সরবরাহ লাইন মিশে গেছে। যারা পৌরসভার সরবরাহ করা পানি পান ও ব্যবহার করছেন তাদের শরীরে কলেরার জীবাণু প্রবেশ করছে। এ কারণেই তারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।”
গবেষক দলের প্রধান সোহেল সামাদ বলেন, “আমরা নিশ্চিত হয়েছি কলেরা জীবাণুর কারণেই ডায়রিয়ার প্রাদুর্ভাব হয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য রোগীদের মলমূত্র পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
এ বিষয়ে যশোর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহাঙ্গীর আহমেদ শাকিল বলেন, “আমাদের সরবরাহ করা পানিতে কোনো জীবাণু নেই। তবে স্বাস্থ্য বিভাগ যখন বলছে, পৌরসভার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”
