এয়ারপোর্ট-গাজীপুর বিআরটির কাজ শুরু ফেব্রুয়ারিতে
এয়ারপোর্ট-গাজীপুর রুটে ঘণ্টায় ৪০ হাজার যাত্রী পরিবহনে বিশেষ পরিবহন ব্যবস্থা বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) তৈরির কাজ শুরু হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে।
এই প্রকল্প বাস্তবায়নের পর এই রুটে যাত্রীরা চলাচলের জন্য পাবে প্রতি মিনিটে একটি করে ১৪০ সিটের বাস। উভয় দিকে চলাচলের জন্য থাকছে ১২০টি বাস।
ফেব্রুয়ারিতে কাজ শুরুর পর এ সুবিধার জন্য এ রুটের যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও প্রায় তিন বছর।
ঢাকা মহানগরীর সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের মানুষের যাতায়াত নির্বিঘ্ন, দ্রুত ও আরামপ্রদ করার বিষয়টি বিবেচনায় নিয়ে এই প্রকল্প।
বিআরটি প্রকল্প পরিচালক আফিল উদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিআরটির সাড়ে ১৫ কিলোমিটার সড়ক এবং সাড়ে ৪ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণে চলতি মাসের মধ্যেই দরপত্র আহ্বান করা হচ্ছে।
প্রকল্পের অধীনে বিআরটি করিডোর ২০ কিলোমিটার, ফ্লাইওভার ৬টি, এলিভেটেড সড়ক ৪ কিলোমিটার, সংযোগ সড়ক ১৪১টি, মার্কেট উন্নয়ন ১০টি, স্টর্ম ড্রেন ১২ কিলোমিটার, ৮-লেইনবিশিষ্ট টঙ্গী সেতু, গাজীপুর বাস ডিপো, জয়দেবপুর বাস টার্মিনাল ও এয়ারপোর্ট বাস টার্মিনাল এবং পিপিপি ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় মাল্টিমোডাল হাব নির্মাণের কথা রয়েছে।
প্রকল্প পরিচালক জানান, সাড়ে ১৫ কিলোমিটার রাস্তায় মধ্যে ছয়টি ফ্লাইওভার থাকবে এবং সাড়ে ৪ কিলোমিটার উড়াল সড়কের মধ্যে টঙ্গীব্রিজ হবে ৮ লেইনের।
২০১৩ সালে প্রকল্পের পরামর্শ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়
আগামী ফেব্রুয়ারি মাসে এ প্রকল্পের কাজ শুরু হয়ে ৩০ মাসের মধ্যে শেষ হবে বলে আশা করছেন আফিল উদ্দিন। অর্থাৎ ২০১৮ সালের মাঝামাঝি সময়ে এই কাজ শেষ হবে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি), গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
প্রকল্পে ব্যয় হবে দুই হাজার কোটি টাকার বেশি।
প্রতি মিনিটে একটি বাস
প্রকল্পের কাজ শেষে এ রুটে বিআরটি বাসের সংখ্যা হবে ১২০টি। ভ্রমণ সময় হবে ৪০ মিনিট (গাজীপুর থেকে এয়ারপোর্ট)। স্টেশন সংখ্যা হবে ২৫টি।
বিআরটি বাসগুলো আর্টিকুলেটেড বাসের মতো হবে জানিয়ে প্রকল্প পরিচালক বলেন, এই বাস সংগ্রহ প্রকল্পের ছোট অংশ, মূল অংশ হচ্ছে রাস্তা নির্মাণ।
প্রতিটি স্টেশনে আধুনিক টিকেটিং ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।
মাঝ রাস্তায় চলবে বিআরটি
গাজীপুর থেকে এয়ারপোর্ট রুটে রাস্তার মাঝ বরাবর এ বাস চলাচল করবে।
রাস্তার মাঝে প্রায় ২৪ ফুট জুড়ে এই লেইন থাকবে জানিয়ে প্রকল্প পরিচালক বলেন, নির্মাণ কাজের সময়ে যাতে জনসাধারণের ভোগান্তি না হয় সেজন্য প্রকল্প এলাকায় অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে।
উভয় দিকে চলাচলের জন্য ২৪ ফুটের এই রাস্তা মূল রাস্তা থেকে পৃথক করে রাখা হবে। যাতে মূল রাস্তার যানবাহন এই রাস্তায় আসতে পারবে না।
রাস্তায় মাঝ বরাবর এই রুটে কোনো প্রতিবন্ধকতা না থাকায় বিআরটি যাত্রীদের কোনো যানজটে পড়তে হবে না, বলেন আফিল উদ্দিন।
