ঢাকা রক্ষা বাঁধ থেকে বিনা নোটিসে উচ্ছেদের সুপারিশ
ঢাকা শহর রক্ষা বাঁধের জন্য অধিগ্রহণ করা জমি থেকে সব অবৈধ দখলদারকে বিনা নোটিসে উচ্ছেদের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রোববার পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
অধিগ্রহণ করা জমি রক্ষণাবেক্ষণের জন্য একটি শক্তিশালী কমিটি করতেও মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে কমিটি।
বৈঠক শেষে কমিটির সদস্য ফরিদুল হক খান সাংবাদিকদের বলেন, “নোটিস দিয়ে উচ্ছেদ করতে গেলে দখলদারা বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে। এজন্য বিনা নোটিসে উচ্ছেদ করতে বলা হয়েছে।”
কমিটির সদস্যদের অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশ ভ্রমণের আয়োজনের সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম মন্ত্রণালয়ের থেকে নেওয়া হচ্ছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, ঢাকা সমন্বিত বাঁধ প্রকল্পের আওতায় আবদুল্লাহপুর থেকে পোস্তগোলা পর্যন্ত ৩৫ দশমিক ৬৩০ কিলোমিটার জমি অধিগ্রহণ করা হয়।
এরমধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে মোট ৬৪২ দশমিক ২০ একর জমির মধ্যে ব্যবহৃত হয়েছে ৪৬৩ দশমিক ৭০ একর। অব্যবহৃত ১৭৮ দশমিক ৫০ একরের মধ্যে বর্তমানে অধিকাংশ জমি অবৈধ দখলে রয়েছে। সিটি জরিপে অধিগ্রহণের তুলনায় কম রেকর্ড হয়েছে।
এতে আরও বলা হয়, এক হাজার ৮১ অবৈধ দখলদারের তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। আরও ৫৫৮ অবৈধ দখলদারের তালিকা পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, মো. ফরিদুল হক খান ও মোস্তাফিজুর রহমান চৌধুরী অংশ নেন।
