‘রামপাল প্রকল্পে দেরি হলে বিঘ্নিত হবে সার্বিক উন্নয়ন’
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেরি হলে সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে দাবি করেছে এই প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ-ভারতের যৌথ কোম্পানি।
সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে বামপন্থি দুটি মোর্চার কর্মসূচির মধ্যে রোববার একটি বিবৃতিতে এই দাবি করে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)।
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২০১২ সালের ২৯ জানুয়ারি ভারতের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। দুই দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যৌথ কোম্পানি গঠন করে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার এই প্রকল্পটি নির্মাণ করছে।
এই প্রকল্প সুন্দরবনের পরিবেশ বিপর্যয়ের কারণ হবে বলে চুক্তি সইয়ের পর থেকেই বিভিন্ন বাম দল ও পরিবেশবাদী সংগঠন অভিযোগ করে আসছে। এই প্রকল্প বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে রোডমার্চ করেছে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চা।
বিআইএফপিসিএলের ব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিমের স্বাক্ষরে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, এই বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের ক্ষতি হবে না, বরং এই প্রকল্প মানুষের বন নির্ভরতা কমাবে,যা সুন্দরবনের সংকোচন ঠেকাবে।
“বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকায় বিভিন্ন সুযোগ সুবিধার সৃষ্টি হবে, এলাকা উন্নত হবে। এতে দেশের মানুষের কর্মসংস্থান হবে, যা সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নকে বেগবান করে এক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
“প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হলে বিদ্যুৎ খাতের উন্নয়ন পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন বিঘ্নিত হবে,” বলা হয় বিবৃতিতে।
এই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কয়লার ব্যবহারের পক্ষে যুক্তি দেখিয়ে বিআইএফপিসিএল বলছে, যুক্তরাষ্ট্রে উৎপাদিত মোট বিদ্যুতের ৪০ শতাংশ কয়লা থেকে আসে। জার্মানির ৪১শতাংশ, জাপানের ২৭ শতাংশ, ভারতের ৬৮ শতাংশ, দক্ষিণ আফ্রিকার ৯৩ শতাংশ, অস্ট্রেলিয়ার ৭৮ শতাংশ, মালয়েশিয়ার ৩৩ শতাংশ এবং চীনের ৭৯ শতাংশ বিদ্যুৎ কয়লা থেকে আসে।
“বাংলাদশে মাত্র ২ দশমিক ২৬ শতাংশ বিদ্যুৎ কয়লা থেকে আসে। অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে কয়লাভিত্তিক বিদ্যুতের উৎপাদন বাড়ানো এখন সময়ের দাবি।”
এই প্রকল্পের বিরোধিতাকারীরা ‘বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও কর্মকাণ্ড পরিচালনা করছে’ বলেও দাবি করা হয় বিবৃতিতে।
“বিদ্যুৎ কেন্দ্র হতে সুন্দরবন নিরাপদ দূরত্বে অবস্থিত। সুন্দরবনের ইউনেস্কো হেরিটেজ থেকে বিদ্যুৎ কেন্দ্রটি ৬৯ কিলোমিটার দূরে এবং সুন্দরবনের প্রান্ত সীমা থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। এ ব্যাপারে কোনো প্রকার বিভ্রান্তির অবকাশ নেই।”
“বিদ্যুৎ কেন্দ্রটিতে অত্যাধুনিক আল্ট্রা সুপার থারমাল প্রযুক্তি ব্যবহার করা হবে। ফলে এখান থেকে পরিবেশ দূষণকারী কালো ধোঁয়া তৈরি হবে না বা ছাই উড়ে বায়ু দূষণেরও সম্ভাবনা নেই।”
ব্যবহারের জন্য যে কয়লা আনা হবে, তা আবৃত অবস্থায় পরিবহন করা হবে বলে পানি বা বায়ু দূষণও ঘটবে না বলে বলেছে বিআইএফপিসিএল।
দূষিত বা গরম পানি নদীতে ফেলা হবে না জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, “পশুর নদীর খুব অল্প পরিমাণ পানি ব্যবহার করা হবে, যা কোনভাবেই নদীর জন্য হুমকি হতে পারে না।”
বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত চিমনীর উচ্চতা ২৭৫ মিটার হওয়ায় বায়ু দূষণের কোনো সম্ভাবনা নেই বলেও দাবি করছে বিআইএফপিসিএল।
