ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার পেলেন ফ্রাঁস-মঞ্জু
‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার’ পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী কথা সাহিত্যিক মঞ্জু ইসলাম এবং বাংলা ভাষা ও সাহিত্যের ফরাসি গবেষক ফ্রাঁস ভট্টাচার্য।
রোববার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বের বিভিন্ন দেশে যেসব বাংলাদেশি সাহিত্য চর্চা করেন এবং বাংলা ভাষা নিয়ে যেসব বিদেশি নাগরিক কাজ করেন তাদের মধ্যে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার’ দিয়ে আসছে বাংলা একাডেমি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী লেখকদের মধ্যে যারা বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় সাহিত্য চর্চা করেন এবং বিদেশি নাগরিকদের মধ্যে যারা বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করেন তাদের পুরস্কৃত করতে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০১৫’ ঘোষণা করা হয়েছে।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান শনিবার লন্ডনের আমানাহ সেন্টারে বাংলা একাডেমির বইমেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
শামসুজ্জামান বলেন, “সৈয়দ ওয়ালীউল্লাহ্ আমাদের প্রথম আন্তর্জাতিক লেখক। তিনি বিদেশে অবস্থান করে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সাহিত্য চর্চা এবং বই প্রকাশ করেছেন।
“এ বছর যাদের পুরস্কার দেওয়া হলো তারা আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষা ও সাহিত্যের মর্যাদা বৃদ্ধি করেছেন। ফ্রাঁস ভট্টাচার্য ফরাসি নাগরিক, তবে বাংলা ভাষা নিয়ে গবেষণায় তিনি যে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তা সত্যি অভিনন্দনযোগ্য।”
সম্প্রতি ঢাকা থেকে ফ্রাঁস ভট্টাচার্যের ফরাসি-বাংলা অভিধান প্রকাশিত হয়েছে।
মঞ্জু ইসলামের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে লন্ডনের অভিবাসী জীবন, বাংলাদেশ ও ইংল্যান্ডের সংমিশ্রিত জীবন বাস্তবতা এবং মুক্তিযুদ্বের প্রেক্ষাপটে ২০০৪ সালে প্রকাশিত গল্পগ্রন্থ দ্যা ম্যাপমেকার্স অব স্পিটাফিন্ডস এবং ২০১০ সালে প্রকাশিত উপন্যাস সং অব আওয়ার সোয়ম্পল্যান্ড।
আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় অমর একুশে বইমেলায় আনুষ্ঠানিকভাবে ফ্রাঁস ভট্টাচার্য ও মঞ্জু ইসলামকে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার’ দেওয়া হবে।
গত ১৫ অক্টোবর লন্ডনের আমানাহ সেন্টারে বাংলা একাডেমির তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়।
