২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর তেজগাঁও নাখালপাড়ায় এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। রিকশার চেইনে ওড়না পেঁচিয়ে ওই কিশোরী মারা যায় বলে গৃহকর্তার দাবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 08:46 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

সুমাইয়া আক্তারকে (১৬) রোববার দুপুরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল ফাঁড়ির পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গৃহকর্তা রহিম বাদশা বলেছেন, তার মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় রিকশার চেইনে ওড়না পেঁচিয়ে পড়ে আঘাত পায় সুমাইয়া। 

রহিম বাদশা পুলিশকে বলেছেন, রিকশাচালক সুমাইয়াকে স্কুলে না নিয়ে বাসায় ফিরিয়ে আনে। সুমাইয়া বমি করে অচেতন হয়ে পড়লে তিনি তাকে হাসপাতালে নিয়ে আসেন।

চার বছর ধরে রহিম বাদশার বাসায় কাজ করছিলেন সুমাইয়া। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রয়েছে।

এদিকে রোববার দুপুরে মতিঝিল মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র বাসাবো বৌদ্ধমন্দির সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে।

নিহতের নাম আশরাফুল হাসান (১৪), তার বাসা উত্তর মুগদায়।

পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, কয়েক বন্ধু মিলে পুকুরে গোসল করতে নেমেছিল, তখন ডুবে যায় আশরাফুল। স্থানীয়রা তাকে তুলে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।