পুরনো বিচরণ ক্ষেত্রে ‘ফিরছে’ ইলিশ
একসময় প্রধান নদীগুলোতে ইলিশের দেখা মিললেও মাঝখানে হারিয়েই গিয়েছিল সেই চিত্র। তবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ‘ইলিশের ফিরে আসা’ আবারও আশা জাগিয়ে তুলেছে ‘অতীতে ফেরার’।
রাজশাহীর পবা, বাঘা, চারঘাট, গোদাগাড়িতে সাম্প্রতিক ইলিশ আহরণের পরিসংখ্যানে এমন আশা করছেন জাটকা সংরক্ষণ প্রকল্পের পরিচালক বিএন জাহিদ হাবীব।
রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ইলিশবিষয়ক নানা তথ্য তুলে ধরা হয়।
বৈঠক শেষে বিএন জাহিদ হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একসময় সারাদেশের প্রধান নদীগুলোয় ইলিশ দেখা গেলেও জাটকা ও মা ইলিশ ধরার কারণে অনেক বছর তা আর দেখা যেত না।”
জাটকা ও মা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে ইলিশ আবার তাদের পুরনো বিচরণ ক্ষেত্রগুলোয় ফিরতে শুরু করেছে।
তিনি বলেন, “রাজশাহীর পবা, বাঘা, চারঘাট, গোদাগাড়িতে গত ১০ অক্টোবর থেকে দৈনিক দুই টন করে ইলিশ পাওয়া যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জেও ইলিশের দেখা পাচ্ছি আমরা।”
এই নিষেধাজ্ঞা ১৫ দিনের পরিবর্তে ৩০ দিন করা যায় কিনা তা খতিয়ে দেখতে সংসদীয় কমিটি মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে বলে জানান ওই প্রকল্প পরিচালক।
সংসদীয় কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “বাজারে ডিমওয়ালা ইলিশ পাওয়া যায়। যদি নিষেধাজ্ঞা আরও ১৫ দিন বাড়ানো হয় তাহলে মা ইলিশ আরও বেশি ডিম ছাড়তে পারবে। এজন্য আমরা সংশ্লিষ্টদের বিষয়টির খুঁটিনাটি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন দিতে বলেছি।”
অপরদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বলা হয়েছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৫ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে উৎপাদন প্রতিবছর ২৫ থেকে ৩৫ শতাংশ হারে বাড়তে থাকবে।
মীর শওকত আলী বাদশার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হক, কামাল আহমেদ মজুমদার, গোলাম মোস্তফা বিশ্বাস, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, খন্দকার আজিজুল হক আরজু, মুহম্মদ আলতাফ আলী ও সামছুন নাহার বেগম।
