৬৮ হাজার হাজি ফিরেছেন
হজ পালন করে রোববার পর্যন্ত ৬৮ হাজার ৯৫১ জন বাংলাদেশি ফিরেছেন।
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমানের ৯০টি হজ্জ-ফ্লাইটে ফিরেছেন ৩৫ হাজার ৮৪৮ জন, যার মধ্যে ৭৭টি ডেডিকেটেড ও ১৩টি নিয়মিত ফ্লাইট ছিল।
অবশিষ্ট ৩৩ হাজার ১০৩ জন হাজি ফিরেছেন সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে।
হজ শেষে গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী এই হজ ফেরত ফ্লাইট কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৪ হাজার ৮৪৫ জন হাজিকে জেদ্দা-ঢাকা রুটে বাংলাদেশে নিয়ে আসবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর মধ্যে ২ হাজার ৭৪২ জন ব্যালটি এবং ৫২ হাজার ১০৩ জন নন-ব্যালটি হাজি।
ডেডিকেটেড ও নিয়মিত ফ্লাইট মিলিয়ে বিমান মোট ১৪০টি হজফ্লাইট পরিচালনা করবে। ফিরতি হজ ফ্লাইট শেষ হবে ২৮ অক্টোবর।
এবার হজে দুটি দুর্ঘটনায় শতাধিক বাংলাদেশি নিহত হন। এর মধ্যে মসজিদ আল হারামে ক্রেইন উল্টে পড়ে একজন নিহত হন।
মিনায় পদদলনে নিহতদের মধ্যে ১৩৭ জন বাংলাদেশি বলে রোববারই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।। এছাড়া ৫৩ জন নিখোঁজ বলে জানান তিনি।
