সিরাজগঞ্জে গ্রেপ্তার ২ ‘জেএমবি’ সদস্য রিমান্ডে
সিরাজগঞ্জে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
এরা হলেন- সদর উপজেলার চরছোনগাছা কারিগরপাড়ার আবুল কাশেমের ছেলে মোতালেব হোসেন (২২) ও কাজিপুর উপজেলার বড়ইতলি গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে হযরত আলী (৩৩)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক রওশন আলী জানান, রোববার অভিযান চালিয়ে নিজদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে দুজনকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুপ্রিয়া রহমানের আদালতে হাজির করলে বিচারক তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এ দুজনকে নিয়ে গত এক সপ্তাহে সিরাজগঞ্জ থেকে জেএমবি সন্দেহভাজন সাত সদস্য গ্রেপ্তার হল।
এর আগে গত ১১ অক্টোবর উল্লাপাড়া উপজেলার রাঘব বাড়িয়া গ্রাম থেকে ওমর আলী আকন্দ (২৮) ও ইদ্রিস আলী আকন্দ (৩০) এবং সদর উপজেলার শাহান গাছা গ্রামের সোয়াইব হোসেন বাবুকে (১৯) পুলিশ গ্রেপ্তার করে বলে জানান তিনি।
তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার চরছোনগাছা গ্রামের মাহমুদুল হাসান (২০) ও ভেওয়ামারা গ্রামের সুলতান মাহমুদকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
রওশন বলেন, এই পাঁচজনকে রিমান্ডে নেওয়ার সুলতান ও সোয়াইব আদালতে জবানবন্দি দেয়। তাদের কাছে তথ্য পেয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তার করা হয়।
