২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে নীলফামারীতে বাস চলাচল বন্ধ

মহাসড়ক ও আঞ্চলিক সড়কে তিন চাকার যান চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা সকাল-সন্ধ্যা ধর্মঘটে নীলফামারীতে বাস চলাচল বন্ধ রয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 04:54 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এ ধর্মঘটে রোববার সকাল থেকে নীলফামারীর সঙ্গে আশপাশের সব জেলাসহ ১৯টি রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শনিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এক মালিক-শ্রমিক সমাবেশে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

ঐক্য পরিষদের সদস্য সচিব ও জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সামসুল হক বলেন, জেলার সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে রেজিস্ট্রেশনবিহীন তিন চাকার যান নছিমন, করিমন, ভটভটি এবং ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা অবাধে চলছে।এতে ভারি যানবাবহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে নানা দুর্ঘটনা ঘটছে।

“তাই এসব যান চলাচল বন্ধ এবং গ্রেপ্তার এক বাস চালকের মুক্তির দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।”

ধর্মঘট শেষে সন্ধ্যায় সংগঠনের সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান ঐক্য পরিষদের এ নেতা।