২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজন হত্যায় শেষ সাক্ষীর জবানবন্দি

সিলেটে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 02:36 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

রোববার মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে সাক্ষ্য দেন সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।

এই আদালতের পাবলিক প্রসিকিউটর মফুর আলী জানান, এর মধ্য দিয়ে দিয়ে এই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজন হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত এই মামলার ৩৬তম ও শেষ সাক্ষী। মোট ৩৮ জন সাক্ষী তালিকাভুক্ত থাকলেও অন্যরা আসে নাই।

“তবে আদালত পর্যাপ্ত মনে করায় তাদের সাক্ষ্য আর নেওয়া হবে না।”

সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ২৫ অক্টোবর মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করে আদালত।

একইসঙ্গে মঙ্গলবার ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা অথবা সাক্ষী সম্পর্কে আসামিদের মতামত জানতে দিন ঠিক করা হয়।

এর আগে মামলার প্রধান আসামি কামরুল ইসলামের আইনজীবী আলী হায়দার আদালতে তার রিভিউ সাক্ষ্য নেওয়া আবেদন জানালে বিচারক শুনানি শেষে তা খারিজ করে দেন।

সিলেটের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২৭ বা ২৮ অক্টোবর মামলায় রায়ের দিন নির্ধারিত হতে পারে।’’

আদালতে সাক্ষ্যগ্রহণের সময় আসামি কামরুল কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। সৌদি আরব থেকে তাকে দেশে ফেরত আনার পর এই প্রথম বিচারিক আদালতে হাজির করা হল।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যার পর বিদেশে পালিয়ে যান কামরুল । মধ্যপ্রাচ্যের ওই দেশেই তিনি থাকেন।

রাজনকে নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সারাদেশে ক্ষোভের সঞ্চার হয়। তখন প্রবাসীদের সহায়তায় কামরুলকে আটক করে সৌদি পুলিশের হাতে তুলে দেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

এরপর কামরুলকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ, জারি করা হয় রেড নোটিস। বৃহস্পতিবার বিকেলে তাকে দেশের ফেরত আনার পর শুক্রবার সিলেট মহানগর হাকিমের আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

Image
সৌদি আরবে থেকে ফেরত আনা কামরুল ইসলাম

সৌদি আরবে থেকে ফেরত আনা কামরুল ইসলাম

 

ইন্টারনেটে ছড়িয়ে পড়া ওই হত্যাকাণ্ডের ভিডিওতে দেখা যায়, ওই দিন শিশু রাজনকে পেটানোয় কামরুলই বেশি সক্রিয় ছিলেন।

ঘটনার দেড় মাসের মধ্যে তদন্ত শেষ করে গত ১৬ অগাস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার।

২২ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্যে দিয়ে আলোচিত এই হত্যা মামলার বিচার ‍শুরু হয়। ১ অক্টোবর থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

কামরুলকে নিয়ে এই মামলার আসামিদের মধ্যে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার আরও দুই ভাই মুহিত আলম ও আলী হায়দার কারাগারে রয়েছেন ।

পলাতকদের মধ্যে কামরুলের আরেক ভাই সদর উপজেলার শেখপাড়ার বাসিন্দা শামীম আহমদের সঙ্গে পাভেল আহমদ নামে আরেকজন রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।