শার্শায় মা ও শিশুর মৃত্যু, ক্লিনিক ভাংচুর
যশোরের শার্শায় সদ্যজাত শিশু ও মায়ের মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ তুলে বেসরকারি একটি ক্লিনিকে ভাংচুরের পর তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।
শনিবার বিকালে নাভারনের ‘পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ এ ঘটনা ঘটে বলে শার্শা থানার ওসি এনামুল হক জানান।
নিহত মুক্তা খাতুন (৩৯) বেনাপোলের সরবাংহুদা গ্রামের হাসান আলির স্ত্রী।
মুক্তার বড় ভাই লিটন হোসেন জানান, সন্তান প্রসবের জন্য তার বোনকে শুক্রবার সন্ধ্যায় ওই ক্লিনিকে ভর্তি করা হয়।
“শনিবার দুপুরে চিকিৎসক এম এ জামান ও আব্দুল হামিদ আমার বোনের অস্ত্রোপচার করেন। পরে আমাদেরকে বলা হয়, মুক্তা মৃত সন্তান প্রসব করেছে।
“ভুল চিকিৎসার কারণে অপারেশনের পর মুক্তার অবস্থার অবনতি হলে তারা রোগীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেয়। এরইমধ্যে আমার বোন মারা যায়।”
শার্শায় ভাংচুরের পর ক্লিনিকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা।
“অপারেশনের সময় ভুল চিকিৎসায় মায়ের মৃত্যু হয়, পরে ওরা মৃত সন্তান প্রসব করেছে বলে প্রচার করতে থাকে,” বলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি এনামুল জানান, খবর পেয়ে মুক্তার স্বজন ও আশপাশের লোকজন ক্লিনিকে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যায়। পরে বিক্ষুদ্ধরা ক্লিনিকে তালা ঝুলিয়ে দেয়।
ঘটনার শিকার ওই পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে ক্লিনিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
