চাঁদপুরে জমির বিরোধে পিটিয়ে হত্যা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আব্দুল হান্নান (৫৫) নামে ওই ব্যক্তি শাহাপুর গ্রামের বাসিন্দা।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আব্দুল হান্নান ও তার প্রতিবেশী মোহাম্মদ আবুর মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল।
“শনিবার দুপুরে আবু ও তার ছেলে মমিন আব্দুল হান্নানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।”
আহত হান্নান ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহাঙ্গীর আলম শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণের কারণে আব্দুল হান্নানের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা হবে জানিয়ে পরিদর্শক মোস্তফা কামাল বলেন, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অপরদিকে একই উপজেলার গল্লাক বাজারের পাশের একটি ডোবা থেকে শনিবার সকালে ইসমাইল হোসেন (৩০) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরিদর্শক মোস্তফা কামাল জানান, ইসমাইল শুক্রবার বিকেলে পার্শ্ববর্তী শ্রীকালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মাছ ধরার জন্য বের হয়ে আর ফিরে যাননি।
দুটি লাশই ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
