২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষতা বাড়াতে নতুন প্রকল্পে অনুমোদন চায় ইসি

কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষ করে তুলতে চার বছর মেয়াদি নতুন একটি প্রকল্পের অনুমোদন চেয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 11:17 AM

Updated : 22 Aug 2022, 01:32 PM

‘ক্যাপাসিটি বিল্ডিং অব ইলেকশন কমিশন সেক্রেটারিয়েট’ নামের ১৫০ কোটি টাকার ওই প্রকল্পটি অনুমোদন করতে এরই মধ্যে পরিকল্পনা কমিশনে চিঠি দেওয়া হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

ইসি সচিবালয়ের উপ-প্রধান মো. আমজাদ হোসেন গত ৮ অক্টোবর পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর চিঠিটি পাঠিয়েছেন।

মেয়াদ শেষের আট মাস আগে গত জুলাইয়ে ‘বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাপনা শক্তিশালীকরণ’ প্রকল্প থেকে ইউএনডিপি সরে দাঁড়ানোর পর নতুন এ প্রকল্পের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন।

২০১২ সালের এপ্রিলে শুরু হওয়া ওই প্রকল্পে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তহবিল জোগাচ্ছিল।

বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনগুলো নিয়ে পশ্চিমাদের অসন্তোষের মধ্যে দাতারা ওই প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নেয় বলে মনে করা হচ্ছে; যদিও ইসি বলছে, এই ঘটনা ‘ব্যর্থতার কিছু নেই’।

নতুন প্রকল্পে বৈদেশিক সাহায্য পেতে একটি প্রিলিমিনারি ডেভলাপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (পিডিপিপি)-ও করা হয়েছে। চিঠির সঙ্গে ওই পিডিপিপিও পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানান।

চিঠিতে ইসি জানায়, নির্বাচনে প্রার্থী ব্যবস্থাপনা, প্রযুক্তিগত সহায়তা, মাঠ কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট যোগাযোগ ও জেলা-উপজেলার সার্ভার স্টেশন পরিচালনায় সক্ষমতা বাড়াতে নতুন এ প্রকল্প কাজ করবে।

ইসি সচিবালয়ের আওতায় ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর‌্যন্ত প্রকল্পটি চালাতে চায় নির্বাচন কমিশন।