জাহাঙ্গীরনগরে চারতলা থেকে ছাত্রীর লাফ, আহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের চারতলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন এক ছাত্রী।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে এ ঘটনা ঘটে।
আহত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের দ্বিতীয় বর্ষের (৪২ ব্যাচ) শিক্ষার্থী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।
খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শামীমা সুলতানা বলেন, “ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র প্রাথমিক চিকিৎসা শেষে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার বিকেলে সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”
“লাফ দেওয়ায় তার বাম হাতের কয়েকটি স্থানের ও মেরুদন্ডের হাড় ভেঙে গেছে। মস্তিষ্কে ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ডাক্তাররা।”
ওই ছাত্রীর বাবার বরাত দিয়ে তিনি বলেন, “বেশ কিছুদিন ধরেই সে মানসিকভাবে বিধ্বস্ত ছিল। পরিবারের লোকেরা তাকে নানাভাবে বোঝাচ্ছিল। ঘটনার আগের দিনও তার বাবা বিশ্ববিদ্যালয়ে এসে তার সঙ্গে কথা বলে গেছে। কিন্তু পরদিনই সে এরকম ঘটনা ঘটিয়েছে।”
সুস্থ হলে ঘটনার সঠিক কারণ জানা যাবে বলেও জানান প্রাধ্যক্ষ।
‘মানসিক কোন হতাশার কারণেই’ সে এরকম ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানিয়েছে তার বিভাগের শিক্ষকরাও।
আইন ও বিচার বিভাগের শিক্ষক তাপস কুমার দাস বলেন, “অনেকদিন ধরেই সে মানসিকভাবে কোন চাপে আছে মনে হচ্ছিল। প্রায় নয় মাস ধরে সে নিয়মিত ক্লাসেও আসছিল না।”
