মোহাম্মদপুরে তিন হাসপাতাল বন্ধের নির্দেশ, জেল-জরিমানা
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তিনটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে এগুলোর মালিক ও ব্যবস্থাপককে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এগুলো হলো- নবাব সিরাজউদ্দৌলা হাসপাতাল (মানসিক), ট্রমা স্পেশালাইজড হাসপাতাল, মালিহা হাসপাতাল ও ভাইটাল ডায়াগনস্টিক সেন্টার।
লাইসেন্স না থাকাসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন নির্দেশনা অমান্য করায় এগুলো বন্ধের পাশাপাশি মালিক-ব্যবস্থাপকদের এ সাজা দেওয়া হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন জানান।
র্যাব-২ এর উপপরিচালক ড. দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত মোহাম্মদপুরের ওই হাসপাতালগুলোতে অভিযান চালানো হয়।
“হাসপাতালগুলোর লাইসেন্সের মেয়াদ ছিল না। যে ওষুধ ব্যবহার করা হতো সেই সব ওষুধের মোড়কে মেয়াদের তারিখ নেই। এগুলোসহ নানা অনিয়ম ধরা পড়ে হাসপাতালগুলোতে।”
নাবাব সিরাজউদ্দৌল্লা হাসপাতালের মালিক আনোয়ার হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং ব্যবস্থাপক সবুজ মণ্ডলকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
এছাড়া ট্রমার ব্যবস্থাপক শাকিলা হককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড, মালিহার মালিক আবুল হোসেনকে দশ হাজার টাকা এবং ভাইটালের মালিক কামরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তিন থেকে ১০ দিনের মধ্যে হাসপাতালগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে র্যাব কর্মকর্তা দিদারুল জানান।
