বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাস ও ট্রাক সংঘর্ষে এক চালক নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার বিকালে কালিয়াকৈর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোড়াই হাইওয়ে পুলিশের পরিদর্শক হুমায়ুন কবীর।
নিহত বাসচালক রবিউল মণ্ডল (৪৫) নওগাঁর মহাদেবপুরের আব্দুল লতিফ মণ্ডলের ছেলে।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিদর্শক হুমায়ুন কবীর বলেন, শুক্রবার বিকাল ৪টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় নওগাঁগামী রকি পরিবহনের সঙ্গে বিপরীত দিকে আসা একটি ট্রাকের সংর্ঘষ হয়। এতে বাসের চালক ও তিন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নেওয়ার পথে চালক রবিউলের মৃত্যু হয়।
পুলিশ বাসটি আটক করলেও ট্রাকটি পালিয়ে গেছে বলে জানান তিনি।
