বাগেরহাটে খাল থেকে যুবকের লাশ উদ্ধার
বাগেরহাটের রামপাল উপজেলায় রাস্তার পাশের খালে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ পাওয়া গেছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
শুক্রবার দুপুরের দিকে রনসেন এলাকার খুলনা-মংলা মহাসড়কের পাশে লাশটি পাওয়া যায় বলে রামপাল থানার ওসি রফিকুল ইসলাম জানান।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “নিহতের পা থেকে কোমর পর্যন্ত একটি চটের বস্তা দিয়ে প্যাঁচানো ছিল। গলায় ছিল কালো চেক লুঙ্গি দিয়ে ফাঁস দেওয়া। তাকে শ্বাসরোধে হত্যার পর এখানে লাশ ফেলে গেছে খুনিরা।”
ময়নাতদন্তের জন্য লাশটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
