ডিসেম্বরের মধ্যেই ডিজিটাল নম্বরপ্লেট সম্ভব: সড়কমন্ত্রী
আগামী ডিসেম্বরের মধ্যে ১৬ লাখের বেশি যানবাহনে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং বেতার তরঙ্গ শনাক্ত করার ট্যাগ (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন) সরবরাহ করার সক্ষমতা রয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রতিবেশী চার দেশে যানবাহন চলাচল অগ্রগতি নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ দাবি করেন।
২০১২ সালের ৩১ অক্টোবর মোটরযানে আরএফআইডি ট্যাগ, রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেট ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উদ্বোধনের পর মোট যানবাহনের মাত্র এক-তৃতীয়াংশের কম অর্থাৎ ৭ লাখ যানবাহনকে এ সুবিধা সরবরাহ করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, দেশে মোট নিবন্ধন করা বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা ২৩ লাখ সাত হাজার ৯৫৭টি। সে হিসাবে বাকি রয়েছ ১৬ লাখের বেশি যানবাহন।
তিন বছরে মাত্র ৭ লাখ ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সরবরাহ করা হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে বাকিগুলোর প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে-সাংবাদিকদের এ প্রশ্নে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “এ সময়ের মধ্যে হয়ে যাবে, হতে হবে। সাত লাখ হয়েছে তাও কম কথা নয়, বাকিটাও হয়ে যাবে।”
বিআরটিএ যেসব যানবাহনের নিবন্ধন দিয়ে থাকে, সেসব যানবাহনকে ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে বলে বুধবার জানান সড়ক পরিবহনমন্ত্রী।
আগামী বছরের ১ জানুয়ারি থেকে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং বেতার তরঙ্গ শনাক্ত করার ট্যাগ ছাড়া সারাদেশে কোনো যানবাহন চলাচল করতে পারবে না বলেও জানিয়েছেন মন্ত্রী।
২০১২ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরযানের আরএফআইডি ট্যাগ, রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেট ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উদ্বোধন করেন।
কোনো মোটরযানের গতিবিধির ওপর নজর রাখার পাশাপাশি ওই বাহন সম্পর্কে তথ্য জানতে এই নিরাপত্তা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ট্যাগ ব্যবহার করা হয়। আর রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট বাধ্যতামূলক করার মাধ্যমে ভুয়া নম্বরপ্লেট ব্যবহার করে অপরাধের হার কমিয়ে আনা সম্ভব।
