নতুন বছরে যানবাহনে ডিজিটাল নম্বরপ্লেট বাধ্যতামূলক
আসছে নতুন বছরের ১ জানুয়ারি থেকে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং বেতার তরঙ্গ শনাক্ত করার (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন) ট্যাগ ছাড়া সারাদেশে কোনো যানবাহন চলাচল করতে পারবে না।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব যানবাহনের নিবন্ধন দিয়ে থাকে, সেসব যানবাহনকে ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।
বুধবার সচিবালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হবে।”
২০১২ সালের ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরযানের আরএফআইডি ট্যাগ, রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেট ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উদ্বোধন করেন।
এর মধ্য দিয়ে বাংলাদেশের পরিবহন খাত নতুন যুগে প্রবেশ করল বলে ওই অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি।
উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত প্রায় ৭ লাখ যানবাহনকে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সরবরাহ করা হয়েছে বলে বিআরটিএ-এর উপ-পরিচালক সিতাংশু শেখর বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিআরটিএ-এর হিসাবে দেশে মোট নিবন্ধন করা বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা ২৩ লাখ সাত হাজার ৯৫৭ টি।
যেসব যানবাহন এখনও রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ নেয়নি, তাদের বিআরটিএ-এর নির্ধারিত ফর্মে আবেদন করে টাকা জমা দিতে হবে। এরপর ২১ থেকে ৩০ দিনের মধ্যে তা সরবরাহ করা হবে বলে জানান শেখর।
