জগন্নাথের ভর্তি পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত
ড্রেসকোডের পর এবার ভর্তি পরীক্ষায় অপরাধীদের শাস্তি দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভর্তি পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভর্তি সংক্রান্ত অপরাধীদের তাৎক্ষণিক শাস্তি দিতে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর আওতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।”
এছাড়া পরীক্ষা হলে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি পাশাপাশি পরীক্ষার্থীদের হাফ হাতা জামা ও স্যান্ডেল (জুতা ও মোজা ব্যতীত) পরিধান করে আসতে হবে। ধর্মীয় পোশাকের ক্ষেত্রে শর্ত শিথিল থাকলেও থাকবে বিশেষ নজরদারি।
শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘সি’ ইউনিটে ৬২০টি আসন রয়েছে, এর মধ্যে বাণিজ্যের ৫৪০টি ও অন্যান্য বিষয়ের জন্য ৮০টি। পরীক্ষায় অংশ নিতে ৩৪ হাজার ৬৮৮ জন আবেদন করেছেন। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৫৬ জন।
পরীক্ষার আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।
