নোটিস না দিয়ে উচ্ছেদের অভিযোগ
আদালতের নির্দেশ বাস্তবায়নে গেলেও আগে কোনো নোটিস না দিয়েই রাজধানীর তেজগাঁওয়ে কয়েকটি খ্রিস্টান পরিবারকে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাজধানীর পূর্ব তেজকুনী পাড়ায় হলিক্রস কলেজের উল্টো দিকে ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত আদালতের প্রতিনিধি হায়দার আলী মামলা ও বিচারকের নির্দেশনামা সম্বলিত নথি দেখিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের আদেশে বাদীকে জমির দখল বুঝিয়ে দিতে আমার উপরে নির্দেশ আছে।”
এসময় পুলিশ উপস্থিত ছিল। ছিলেন ওই জমির দখল পেতে আদালতের আদেশ পাওয়া সাইফুল্লাহও।
দুপুরে ওই এলাকায় গিয়ে ব্যাপক হট্টগোল দেখা যায়। হলিক্রস কলেজ সংলগ্ন ফুটপাতে গৃহস্থালি বিভিন্ন আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়া অবস্থায়ও দেখা যায়।
“এনিয়ে আদালতে মামলা চলছিল। আজ সকালে কোনো কথা ছাড়াই তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের একদল লোক বাড়িতে হামলা করে। আমাদের ঘরের জিনিসপত্র সব ছুড়ে ফেলে দেয় এবং দেয়াল ভাঙতে শুরু করে।”
নোটিস না পাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে আদালতের প্রতিনিধি হায়দার আলী বলেন, “তাদের জন্য আদালতের দরজা খোলা আছে। তারা চাইলে সেখানে যেতে পারে। আমি আমার দায়িত্ব পালন করছি মাত্র।”
উচ্ছেদকারীরা মারধরও করে বলে রাজমেরীর অভিযোগ। তিনি বলেন, পুলিশ দেখেও এতে বাধা দেয়নি।
রাজমেরীর পাশের প্লটের বাসিন্দা মেজবাউর কবিরের ১০ কাঠা জমির উপরে নির্মিত বাড়িও ভাঙতে দেখা যায় সাইদুল্লাহর লোকজনকে।
থানায় অভিযোগ করতে গেলেও তা আমলে নেওয়া হয়নি বলে জানান তিনি।
সেখানে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা বলেন, “কোর্টের নির্দেশে আমরা এখানে এসেছি।”
সাংবাদিক পরিচয় দিয়ে সাইদুল্লাহর সঙ্গে কথা বলতে গেলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপনার যা ইচ্ছা লেখেন। আমি এখন কিছুই বলতে পারব না। কাজ শেষ হোক, আমার কাছে আইসেন তখন সব বলব।”
এ কথা বলে পাশের সহযোগীদের সঙ্গে হাসিতে ফেটে পড়েন তিনি।
