২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনশন ভাঙলেন মেডিকেল ভর্তিচ্ছুরা

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে নুতন করে পরীক্ষা নেওয়ার দাবিতে অনশনে বসার সাড়ে ৩১ ঘণ্টা পর আপাতত এই কর্মসূচির ইতি টেনেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 12:55 AM

Updated : 12 Oct 2022, 04:18 PM

ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণতদন্ত কমিটি গঠনের আশ্বাসে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা অনশন ভাঙেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহম্মদ গণতদন্ত কমিটির আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙার আহ্বান জানান।

তার আহ্বানে সাড়া দিয়ে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি আপাতত স্থগিত করে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে যান।

এর আগে বিকালে শহীদ মিনারে এসে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ।

প্রশ্নফাঁসের অভিযোগে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বধুবার সকাল ১১টার দিকে শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেন একদল শিক্ষার্থী ও তাদের কয়েকজন অভিভাবক। অনশনে সাতজন অসুস্থ হয়ে পড়েন।

এরা হলেন- রুম্মান বিন ওয়ালি, মোছা. রিমা আক্তার, তানভীর আহমেদ, আরাফাত সাখাওয়াত, জাফুর ইসলাম এবং এক শিক্ষার্থীর অভিভাবক আলমগীর।

এদের মধ্যে রিমা ও তানভীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের দুপুর থেকে স্যালাইন দেওয়া হচ্ছিল।

সন্ধ্যায় অনশনস্থলে গিয়ে অধ্যাপক আনু মুহম্মদ বলেন, “শিক্ষার বিভিন্ন স্তরে প্রশ্ন ফাঁস হচ্ছে, নিয়োগে দুর্নীতি হচ্ছে। শিক্ষাখাতকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার অপতৎপরতা চলছে।”

প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনে শরিক হতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রশ্ন ফাঁসে জড়িত জনশত্রুদের বিরুদ্ধে আমাদের গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশকে বাঁচাতে সকলকে এগিয়ে আসতে হবে।”

মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে গণতদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমরা শুরু থেকেই সরকারকে বলেছি, একটি তদন্ত কমিটি গঠন করতে। যেহেতু সরকার করেনি তাই আমরাই একটি গণতদন্ত কমিটি গঠন করব। সেই তদন্ত কমিটি মেডিকেলসহ সকল ধরনের পরীক্ষায় প্রশ্নফাঁস তদন্ত করবে।

“সবার সাথে কথা বলে আগামী ১৯ অক্টোবর গণতদন্ত কমিটিতে কারা কারা থাকবে, কিভাবে তদন্ত কার্যক্রম চলবে এসব বিষয়ে আমরা জানিয়ে দিব। কোন পর্যায়ের কারা কারা এ ঘটনায় জড়িত আমরা তা বের করব। এই মাসের মধ্যেই গণতদন্ত কমিটি তাদের রিপোর্ট পেশ করবে।”

প্রশ্নফাঁসে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জড়িত অভিযোগ করে এই অধ্যাপক বলেন, “প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। শিক্ষাথীরা আন্দোলন করে, সেই শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা করা হয়েছে।

“কিন্তু সরকার নিজের থেকে কোনো তদন্ত কমিটি ছাড়াই বলে দিলেন যে প্রশ্নফাঁস হয়নি। তাহলে বোঝা যাচ্ছে যে, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জড়িত।”

গত ১৮ সেপ্টেম্বর সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশ নেওয়া ৮৩ হাজার শিক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৪৪৮ জনকে যোগ্য জানিয়ে ফল ঘোষণা করা হয় ২০ সেপ্টেম্বর।

পরদিন থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একাংশ। তখন থেকে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা।