নতুন এমপিওভুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবে সংসদীয় কমিটি
শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
‘বরাদ্দ নেই, নতুন করে এমপিওভুক্তি সম্ভব নয়’ শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে কমিটি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে বলে বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে।
এতে বলা হয়, “গত ২৯ জুলাই অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি আফছারুল আমিন বলেছিলেন, দেশে দীর্ঘদিন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হচ্ছে না। এ নিয়ে এলাকায় জনপ্রতিনিধিদের জবাবদিহি করতে হচ্ছে। যত দ্রুত সম্ভব কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা দরকার।
“জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, চলতি বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ মাত্র ৫৫ কোটি টাকা বাড়ানো হয়েছে। অথচ স্থানীয় সরকার ও যোগাযোগসহ অন্যান্য খাতে হাজার হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে শিক্ষা খাতে যে বরাদ্দ আছে, তাতে নতুন করে এমপিওভুক্তি করা সম্ভব নয়।”
শিক্ষা খাতের বরাদ্দ বাড়ানোর জন্য মন্ত্রণালয় একটি প্রস্তাব তৈরি করেছে জানিয়ে এ বিষয়ে কমিটির সহযোগিতা প্রত্যাশা করেন নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবারের বৈঠক শেষে কমিটির সদস্য ছলিম উদ্দিন তরফদার সাংবাদিকদের বলেন, “নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা সাড়ে তিনশ’ এমপির দাবি। সে জন্যই কমিটি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছে।”
‘জ্ঞানার্জনে’ বিদেশ যাবে সংসদীয় কমিটি
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা ‘জ্ঞানার্জনের জন্য’ অন্য সব সংসদীয় কমিটির মত বিদেশ সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এতে সায় মিলেছে বলে কমিটির কার্যপত্র থেকে জানা গেছে।
বৈঠকের কার্যবিবরণীতে দেখা যায়, কমিটির সদস্য নীলফামারী- ৩ আসন থেকে নির্বাচিত গোলাম মোস্তফা অন্যান্য সংসদীয় কমিটির নজির তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্যদেরও‘ জ্ঞানার্জনের জন্য’ বিদেশ সফরের ব্যবস্থা করতে মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব করেন।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পর্যায়ক্রমে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ‘জ্ঞানার্জনের জন্য’ শিক্ষা সফরের চিন্তা-ভাবনা করা হচ্ছে।
বৈঠকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নুর-উন-নবীর দেওয়া প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।
এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একাউন্ট প্রায় শূন্য। প্রতিষ্ঠানটির অপরিশোধিত ঋণের পরিমাণ ৫ কোটি টাকার বেশি।
“আগের উপাচার্যের সময়ে নিয়ম বহির্ভূতভাবে ৬৭৮ জন শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী নিয়োগ দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। যারা নিয়োগ পেয়েছিলেন, তাদের অনেকেই উপাচার্যসহ অন্যান্য শিক্ষকদের আত্মীয়-স্বজন।”
প্রতিবেদনে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।
এ বিষয়ে ছলিম উদ্দিন বলেন, “রংপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কমিটির আগামী বৈঠকেও আলোচনা হবে। এরপর কমিটি প্রয়োজনীয় সুপারিশ করবে।”
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাল্যবিয়ে প্রতিরোধে মেয়েদের জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়া বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আফছারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবীর নানক, ছলিম উদ্দীন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ ও সেলিনা আক্তার বানু অংশ নেন।
