২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আরও দুই ‘জেএমবি’ গ্রেপ্তার, পরে রিমান্ডে

পাঁদিন আগে গ্রেপ্তার সহযোগীদের কাছে তথ্য পাওয়ার পর সিরাজগঞ্জ সদরে আরও দুই ‘জেএমবি’ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 04:46 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তাররা হলেন- সদরের ভেওয়ামারা গ্রামের সুলতান মাহমুদ (৪৫) ও চরছোনগাছার মাহমুদুল হাসান (২২)।

গোয়েন্দা পুলিশের এসআই রওশন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুজনকেই ভোরে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরের দিকে তাদের সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে হাজির করা হয়।

“জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুপ্রিয়া রহমান শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

বৃহস্পতিবার থেকেই তাদের জিজ্ঞাবাদ করা শুরু হয়েছে বলে জানান রওশন।    

এনিয়ে এই জেলা থেকে পাঁচ দিনে মোট পাঁচ ‘জঙ্গিকে’ গ্রেপ্তার করল পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এর আগে রোববার ভোরে উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের রাঘব বাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের বাড়ি থেকে তার দুই ছেলে ওমর আলী আকন্দ (২৮) ও ইদ্রিস আলী আকন্দ (৩০) এবং সদরের শাহান গাছা এলাকার সোয়াইব হোসেন বাবুকে (১৯) গ্রেপ্তার করা হয়।

ওই রাতেই উল্লাপাড়া থানার ওসি খাজা গোলাম কিবরিয়া বাদী হয়ে এই তিনজনসহ ১৭/১৮ জনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তের দায়িত্ব প্রথমে এসআই কামরুজ্জামানের কাছে থাকলেও ১৩ অক্টোবর মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। বর্তমানে এর তদন্তে আছেন ডিবি পুলিশের এসআই রওশন আলী।

এদিকে, উল্লাপাড়া থেকে গ্রেপ্তার তিনজনের তিনদিনের রিমান্ড বুধবার শেষ হয়েছে বলে জানান রওশন আলী।

রিমান্ড শেষে ওইদিনই তাদের আদালতে হাজির করা হলে বাবু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তারে অভিযান চালানো হয় বলে জানান রওশন।