কক্সবাজারে জিপ-ভ্যান সংঘর্ষে নিহত ৩
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যান ও জিপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন সাতজন।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের চকরিয়া সার্কেলের এএসপি মো. মাসুদ আলম জানান।
নিহতরা হলেন- খুটাখালী ইউনিয়নের সিকদার পাড়ার সাজিদ হোসেন (২৪), সদরের ঈদগাঁও এলাকার মোহাম্মদ সোবহান (৬৭) ও চকরিয়ার হাজীপাড়ার আনোয়ার হোসেন (৭০)।
আহতদের মধ্যে তিনজনকে ডুলাহাজারার মালুমঘাটে খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতাল, দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে, তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে এএসপি মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজারগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
লাশগুলো খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে রাখা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
বাহন দুটি পুলিশের হেফাজতে রয়েছে।
