২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার ফেরত ২ কিশোর স্বজনের কাছে

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধারের পর ফেরত আসাদের মধ্যে জয়পুরহাটের দুই কিশোর বাড়ি পৌঁছেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 03:30 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

বৃহস্পতিবার ক্ষেতলাল উপজেলার সমনতাহার গ্রামে মো. আব্দুল মোতালেব (১৬) ও মোহাম্মদ আন্তুকে (১৭) অভিভাবকদের হাতে তুলে দেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কে এম শহিদ ইকবাল সদু।

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই সময় রেড ক্রিসেন্ট নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

সেখানে দুই কিশোর জানায়, গত ২৩ এপ্রিল একই গ্রামের ‘দালাল’ বাহাজ্জুল ইসলাম ভালো চাকরির প্রলোভন দিয়ে সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে নৌপথে তাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে যায়।

সাগরে মিয়ানমার নৌ-বাহিনী তাদের আটক করে।

দুদেশের আইনি প্রক্রিয়া শেষে গত ১২ অক্টোবর তাদের দেশে ফেরত আনা হয়।

গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন এবং ২৯ মে আরও ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে দেশটির নৌবাহিনী।

এদের মধ্যে বাংলাদেশি হিসেবে শনাক্তদের ৮ জুন, ১৯ জুন, ২২ জুলাই, ১০ অগাস্ট ও ২৫ অগাস্ট পাঁচ দফায় দেশে ফেরত আনা হয় ৬২৬ জনকে। ষষ্ঠ দফায় সোমবার আনা হয় ১০৩ জনকে। মোট ৭২৯ জনকে ফেরত আনা হয়েছে।

সর্বশেষ সোমবার ১০৩ জনকে ফেরত আনার পর ওইদিন রাতেই ইমিগ্রেশন সংশ্লিষ্ট কাজ শেষ করা হয়। এরপর পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মঙ্গলবার রাত পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে।

এদের মধ্যে ছয়জন ছিল অপ্রাপ্ত বয়স্ক। এরা হলো বগুড়ার কাহালু উপজেলার মালিগাছার সকির উদ্দিনের ছেলে মো. শামীম হোসেন (১৭), জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সমনতাহারের বাবু মন্ডলের ছেলে মো. আব্দুল মোতালেব (১৬), রজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আন্তু (১৭),  নরসিংদীর রায়পুর উপজেলার মধ্যনগরের কামাল হোসেনের ছেলে মো. রাসেল (১৬), নরসিংদী সদরের গদাচরের কাউছারের ছেলে মোহাম্মদ রনি (১৫) এবং চুয়াডাঙ্গা সদরের বলদিয়ার পিনু হোসেনের ছেলে মো. সুমন হোসেন (১৬)।

এ ছয় জনের ব্যাপারে নির্দেশনা জানতে কক্সবাজারে আদালতে হাজির করা হলে আদালত তাদের অভিভাবকদের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়।