২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূ পেটানো মাতবর জালাল কারাগারে

গাজীপুরের কালিয়াকৈরে জমির বিরোধ মীমাংসার নামে গৃহবধূকে চুল ধরে লাঠিপেটা করার মামলায় স্থানীয় মাতবর জালাল উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2015, 02:06 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

পুরনো খবর:

বাড়ি গিয়ে গৃহবধূকে পেটালেন মাতবর
কালিয়াকৈরে গৃহবধূকে নির্যাতন: ভাই গ্রেপ্তার

গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, বুধবার বিকালে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জালাল জামিনের আবেদন করেন।

“আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। ওইদিন সন্ধ্যায়ই পুলিশ তাকে কারাগারে নিয়ে যায়।”

মামলার নথি থেকে জানা যায়, গত ৫ অক্টোবর জালাল তার দুই সহযোগী নিয়ে কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকায় প্রকাশ্যে ওই গৃহবধূকে চুলে ধরে টেনে হিঁচড়ে লাঠি দিয়ে পেটান।

তাকে সহযোগিতা করেন ওই নারীর ভাই হোসেন খাঁ।

পরে ঘটনার দিন রাতেই নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে মাতবর জালাল উদ্দিনকে প্রধান আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। 

এ মামলায় হোসেন খাঁকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।