দল গণতান্ত্রিক আচরণ করলে সমস্যা হবে না: ইসি সচিব
স্থানীয় সরকার নির্বাচন দলভিত্তিক হলেও কোথাও কোনো ‘সমস্যা’ হবে না বলে মনে করছেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম।
রাজনৈতিক মতবিরোধের কারণে স্থানীয় নির্বাচনে গোলযোগ বাড়তে পারে- কারও কারও এই শঙ্কা নাকচ করেন তিনি।
সিরাজুল বুধবার বিকালে ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “সব দলকে গণতান্ত্রিক আচরণ করতে হবে। প্রার্থীকে আইন-বিধি মানতে হবে। এ ধরনের পরিবেশে কোথাও কোনো সমস্যা হবে না বলে মনে করি।”
স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে করতে আইন সংশোধনের উদ্যোগের বিরোধিতা করে বিভিন্ন সংগঠন বলছে, এতে নির্দলীয় যোগ্য ব্যক্তিরা সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদে নির্বাচনে অংশ নিতে নিরুৎসাহিত হবে।
পাশাপাশি রাজনৈতিক বিরোধের কারণে স্থানীয় নির্বাচনেও মারামারি-কাটাকাটি বাড়বে বলে কারও কারও আশঙ্কা।
ইসি সচিব বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। আগামীতেও তাই হবে।
“নির্দলীয় হলেও তাতে দলীয় সমর্থন থাকে। এখন এটি আইনি কাঠামোয় আনার ফলে অতিরিক্ত কিছু হবে মনে করি না।”
সচিব জানান, আইন সংশোধন হওয়ার পর বিধিমালা পরিবর্তনের কাজ শুরু করবেন তারা।
“কিছু কিছু প্রস্তুতির কাজ করে রাখছি। কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছুই করতে পারব না, যতক্ষণ না আইন হবে। আইনের আলোকেই বিধিমালা সংশোধন করতে হবে।”
