শরীয়তপুরে বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি
শরীয়তপুর সদরে হাতবোমা ফাটিয়ে একটি সোনার গহনার দোকানে ডাকাতি হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে সদরের পালং মডেল থানা সংলগ্ন ‘গিনি ঘর’ নামে একটি দোকানে এ ঘটনার পরপর ছয় জনকে আটক করা হয়েছে বলে সদর থানার ওসি খলিলুর রহমান জানিয়েছেন।
ডাকাতিতে জড়িত সন্দেহে শরীয়তপুর-ঢাকা মহাসড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানান তিনি।
এরা হলেন- রাকিব, কবির, সজীব, দুলাল, নিজাম ও আবু বক্কর। এদের সবার বয়স ২০-২২ বছরের মধ্যে।
ওসি বলেন, রাতে দোকান বন্ধ করার সময় ১০/১২ জন যুবক হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে দোকানের কর্মচারীদের মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা।
কী পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই পুলিশ কর্শকর্তা।
আটকদের কাছ থেকে কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
