২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লাইন্ড ক্রিকেটের কল্যাণে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ব্লাইন্ড ক্রিকেটের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বেসরকারি সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 05:59 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

বুধবার বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে এ আহ্বান জানান তিনি।

কাউন্সিলের চেয়ারম্যান এম হারুন-অর-রশিদ বাবুর নেতৃত্বে খেলোয়াড় ও কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“রাষ্ট্রপতি বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের দায় নয়। এরা আমাদের সম্পদ। উপযুক্ত প্রশিক্ষণ পেলে তারাও দেশের জন্য বড় গৌরব বয়ে আনতে পারে। টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ যুগ্ম চ্যাম্পিয়ান হওয়া তার প্রমাণ।”

রাষ্ট্রপতি এসময় প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।

গত জুন মাসে কলকাতার ভিজুয়াল ইম্পিয়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশান অব বেঙ্গলের উদ্যোগে আয়োজিত ত্রিবঙ্গ মৈত্রী আন্তর্জাতিক ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে যুগ্ম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দল।

রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, “বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধি দল সাক্ষাতের সময় ব্লাইন্ড ক্রিকেটের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহতি করেন। বিকেএসপির আদলে সার্বক্ষণিক প্রশিক্ষণের জন্য একাডেমি তৈরীতে তারা রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।”

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা এসময় উপস্থিত ছিলেন।