২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় বিএনপি নেতা কারাগারে

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ইউসুফ আলী সেলিম হত্যা মামলায় এক বিএনপি নেতাকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 05:58 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এটিএম মহিব উল্লাহ জানান, বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সমরেশ শীল এ আদেশ দেন।

আসামি জামাল উদ্দিন বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি।

পিপি বলেন, জামাল উদ্দিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন নাকচ করে  কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ সময় তার বিরুদ্ধে সুধারাম ও বেগমগঞ্জ থানায় দায়ের করা আরও তিনটি হত্যা মামলার জামিন আবেদনও আদালত নাকচ করে বলে জানান তিনি।

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, গেল বছরের ২৭ জুলাই রাতে লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামের বাড়ি থেকে নোয়াখালী আসার সময় ইউসুফ আলীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার চারদিন পর নিহত ইউসুফের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে ২৭ জনকে আসামি করে সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানান তিনি।
ওসি বলেন, তদন্ত শেষে এ বছরের ২৯ মে জামাল উদ্দিনসহ মোট ৪১ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মামলার এ পর্যন্ত ১৩ আসামি গ্রেপ্তার রয়েছেন বলেও জানান তিনি।