২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে এতিমখানার শিশু নিখোঁজ

ঝালকাঠিতে সরকারি এতিমখানার এক আবাসিক ছাত্রকে পাঁচ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 02:03 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

মারুফ হাসান (১২) নামের ওই শিশুটি ‘ঝালকাঠি সরকারি শিশু পরিবার’ এর আবাসিক ভবনের চার তলায় থাকত।  

দ্বিতীয় শ্রেণির এই ছাত্র বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুরের মৃত মো. তোফাজ্জেলের ছেলে।

মারুফের মা শাহিনুর বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে আবাসিক ভবন থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হওয়ার পর সে ‘নিখোঁজ’ হয়।

তবে, ঝালকাঠি শিশু পরিবার কর্তৃপক্ষ তাকে সোমবার বিষয়টি জানায় বলে জানান শাহিনুর বেগম। 

ঝালকাঠি সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রুহুল আমীন শেখ জানান, এ ব্যাপারে শিশু পরিবার কর্তৃপক্ষ ঝালকাঠি সদর থানায় সোমবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

ঝালকাঠি সরকারী শিশু পরিবারের তত্তাবধায়ক সুকুমার চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটির পরিবার ও শিশু সদন কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে তার খোঁজ করছে।

“এর আগেও সে একবার পালিয়ে গিয়েছিল। পরে তার মা তাকে খুঁজে নিয়ে আসেন,” বলেন সুকুমার।