সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
আট বছর আগে সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম হত্যার ঘটনায় করা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এরা হলেন- লাহিড়ী মোহনপুর ইউনিয়নের পূর্ব বংকিরাট গ্রামের মোতালেব শাহ, একই এলাকার জহির উদ্দিন, নবাব আলী ও কৈবতগাতির আমিরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ জাফরোল হাছান আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন বলে আদালতের পেশকার আব্দুর রশিদ সরকার জানান।
সেইসঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ হত্যা মামলা থেকে ১২ জনকে খালাস দেওয়া হয়েছে।
২০০৬ সালের ১ জানুয়ারি সন্ধ্যায় পূর্ব বংকিরাট গ্রামের সাইফুল ইসলামকে (৩৭) মোহনপুর স্টেশনের রেললাইনের উপরে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।
পর দিন নিহতের ছোট ভাই সেলিম পারভেজ রঞ্জু বাদী হয়ে সিরাজগঞ্জ জিআরপি থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের নামে মামলা দায়ের করেন। পরের বছর ২৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল হয়।
