২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাল দখল: দুই কাউন্সিলর ও এসিল্যাল্ডকে তলব

ঢাকার দেবধোলাই খাল দখল করে কার্যা্লয় তৈরির অভিযোগ বিষয়ে ব্যাখ্যা জানাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই কাউন্সিলরকে তলব করেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 10:18 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

এছাড়া মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ বিষয়ে ব্যাখ্যা জানাতে টঙ্গীবাড়ীর সহকারী কমিশনারকে (ভূমি) তলব করেছে আদালত।

আগামী ১ নভেম্বর তাদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা জানাতে হবে।

সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে পৃথক দুটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে পৃথক রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ এসেছে।

‘খাল দখল করে ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়’ শিরোনামে ৮ অক্টোবর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। ১০ অক্টোবর আরেকটি জাতীয় দৈনিকে ‘টঙ্গিবাড়ীতে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

দুটি প্রতিবেদনের ভিত্তিতে এ নিয়ে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ও প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রোববার পৃথক দুটি রিট আবেদন করা হয়।

আদালতে রিট আবেদনকারীপক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল আমাতুল করীম।

পরে মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্ত তিনজন হলেন- ঢাকার ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন ও ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান এবং টঙ্গীবাড়ী থানার সহকারী কমিশনার (ভূমি)।

অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানাতে তাদের ১ নভেম্বর আদালতে হাজির হতে হাই কোর্ট নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি।

একইসঙ্গে আদালত খাল দখলের কার্যক্রম বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুই সপ্তাহের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেনের মেয়র ও রাজধানী উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে বলেও জানান মনজিল মোরসেদ।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, একটি রুলে খাল রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং যাত্রবাড়ীর কবরস্থান রোডের পাশের ওই খাল রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (এনফোর্সমেন্ট), রাজউক চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক, রাজউক চেয়রম্যান, যাত্রাবাড়ীর ওসি ও সহকারী কমিশনার এবং দুই কাউন্সিলরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

অন্যটিতে খাল দখল বন্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং স্থাপনা অপসারণের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক,  মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকতা, টঙ্গিবাড়ী থানার ওসি ও সহকারী কমিশনারকে (ভূমি) চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে হবে।