এগিয়ে যেতে হবে সম্মিলিতভাবে: প্রধানমন্ত্রী
সেবা করার ইচ্ছাকে চিন্তার মধ্যে সীমাবদ্ধ না রেখে সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সন্ধ্যায় গণভবনে ব্যাংকার্স অ্যাসোশিয়েশন অফ বাংলাদেশ (বিএবি) এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে গেলে তিনি এ কথা বলেন।
চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) আইসিটি পুরস্কার পাওয়ায় শেখ হাসিনাকে এই অভিনন্দন জানায় বিএবি নেতারা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, “সমাজের সেবা করার চিন্তা করলে হবে না, সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগ নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
পরে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
বিএবি নেতারা হাতে ফুলের তোড়া তুলে দিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি কেকও কাটেন। একই সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়া হয় বিএবি এর পক্ষ থেকে।
আশরাফুল খোকন জানান, করপোরেট ট্যাক্স পাঁচ শতাংশ কমানোয় বিএবি নেতারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ত্রাণ তহবিলে অনুদানের বিষয়টি দুঃস্থদের জন্য বড় উপহার হিসাবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই অনুদানের অর্থ দেশের দুঃস্থ জনগণের কাজে লাগবে। দুঃস্থদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা করপোরেট রেসপনসিবিলিটি ফান্ডকে কাজে লাগিয়ে বেসরকারি ব্যাংকগুলোকে আরও উদ্যোগী হতে বলেছেন বলেও জানান আশরাফুল খোকন।
শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের অর্থ সহায়তায় তিন লাখ আট হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বেসরকারি ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠারও তাগিদ দেন।
এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের তহবিলে সহায়তার জন্য আহ্বান জানান শেখ হাসিনা।
বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে ৩৪টি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণভবনে গিয়েছিলেন।
