২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুল ধরে গৃহবধূকে লাঠিপেটা: আসামিপক্ষের মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরে চুল ধরে গৃহবধূকে লাঠিপেটার মামলা প্রত্যহারের দাবিতে মানববন্ধন করেছে আসামির লোকজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 06:56 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

এদিকে, ওই মামলার বাদী নির্যাতনের শিকার গৃহবধূকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকির অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে।

সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন শেষে লোকজন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ শুরু করলে প্রায় আধাঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।

পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান তারা।

গত ৫ অক্টোবর কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকার এক পোশাক শ্রমিকের স্ত্রীকে প্রকাশ্যে চুল ধরে লাঠিপেটা করেন স্থানীয় মাতবর জালাল উদ্দিন আহমদ।

ওইদিন রাতে ওই নারী বাদী হয়ে জালাল উদ্দিনকে প্রধান আসামিসহ তিন জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ মামলার আসামি ওই গৃহবধূর ভাই হোসেন খাঁকে গ্রেপ্তার করে।

প্রধান আসামি মাছ ব্যবসায়ী জালাল উদ্দিনসহ দুই আসামি পলাতক রয়েছেন।

নির্যাতিতা ওই নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন সময় তাদের পরিবারের লোকজনকে মামলা তুলে নিতে ‘প্রভাবশালী’ জালাল উদ্দিনের লোকজন হুমকি দিচ্ছে।

তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, ওই মামলার প্রধান আসামি জালাল উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

“তবে, ওই নির্যাতিতা নারীর পরিবারের লোকজনকে হুমকি দেওয়ার বিষয়টি আমার জানা নেই।”