২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ঝরনায় নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঝরনায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 06:54 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

নিহত নাইমুল হোসেন পাভেল ও আসাদুজ্জামান রিফাত দুজনেই বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এদের মধ্যে নাইমুল চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার আকবর হোসেনের ছেলে। রিফাতের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পেছনের পাহাড়ি ঝরনায় ৫/৬ জন শিক্ষার্থী বেড়াতে যায়। তারা গোসল করতে নামলে ওই দুই শিক্ষার্থী পানিতে ডুবে যায়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকালে তাদের লাশ উদ্ধার করে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল আজম জানান, ফায়ার সার্ভিসের তিনজন ডুবুরি বিকাল ৫টার দিকে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।

২০১৩ সালের ৩০ জানুয়ারি সালমান জাহান বাদল নামে চারুকলা বিভাগের এক শিক্ষার্থী ঝরনায় নেমে মারা যান।