২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় গ্রেপ্তার ৩ ‘জেএমবি’ রিমান্ডে 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার তিন জনকে জিজ্ঞাসাবাদের তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 06:24 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুপ্রিয়া রহমান এ আদেশ দেন বলে জানান উল্লাপাড়া থানার এসআই কামরুজ্জামান।

এর আগে বিকালে তাদের আদালতে হাজির করে প্রত্যেককে ১০ দিন করে হেফাজতে নেওয়ার আবেদন করা হয় বলে জানান তিনি।

আসামিরা হলেন উল্লাপাড়ার পঞ্চকোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের দুই ছেলে ওমর আলী আকন্দ (২৮), ইদ্রিস আলী আকন্দ (৩০) এবং সিরাজগঞ্জ সদরের শাহানগাছার বেলাল হোসেনের ছেলে সোয়াইব হোসেন বাবু (১৯)।

রোববার দুপুরে উল্লাপাড়ার রাঘববাড়িয়া গ্রাম থেকে এ তিন যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে জিহাদি বই এবং তাদের মোবাইলে সংরক্ষণ করা জেএমবির প্রশিক্ষণের ভিডিওচিত্রও উদ্ধার করা হয়েছে।

রাতেই উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) খাজা গোলাম কিবরিয়া বাদী হয়ে গ্রেপ্তার তিন জনসহ ১৭/১৮ জনকে আসামি করে মামলা করেছেন।

পরিদর্শক খাজা গোলাম কিবরিয়া জানান, রাঘববাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের বাড়িতে জঙ্গিদের গোপন বৈঠকের সংবাদ পেয়ে রোববার ভোরে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ওই তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

বিষয়টি উল্লাপাড়া থানা পুলিশের পাশাপাশি সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশও তদন্ত করছে বলে জানান পরিদর্শক কিবরিয়া।  

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি ওহেদুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জেএমবির সদস্য বলে স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের সন্ধানে সিরাজগঞ্জ, পাবনা ও বগুড়া জেলার দুর্গম চরাঞ্চলগুলোতে অভিযান চালানো হচ্ছে।

“গ্রেপ্তার ইদ্রিস আলী আকন্দ অনেক আগে থেকেই জেএমবির সঙ্গে জড়িত ছিল। তার ছোট ভাই ওমর আলী আকন্দ মালদ্বীপ ছিল। ২০১৩ সালে দেশে ফেরার পর থেকে সেও এই সংগঠনে জড়িয়ে পড়ে।”

“সোয়াইব হোসেন বাবু কিছুদিন যাবত তাদের সাথে যুক্ত হয়েছে।”

ইতোমধ্যেই বিদেশে জঙ্গি প্রশিক্ষণে যাওয়ার প্রস্তুতি হিসেবে এ সংগঠনের জ্যেষ্ঠ সদস্যদের কাছে সে সাত হাজার টাকা জমা দিয়েছে বলেও তিনি জানান।