২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার ব্লেইক

বাংলাদেশে রবার্ট গিবসনের উত্তরসূরির নাম ঘোষণা করেছে যুক্তরাজ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 05:45 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

হাই কমিশনারের দায়িত্ব নিয়ে ঢাকায় আসতে যাচ্ছেন অ্যালিসন ব্লেইক। তিনি বর্তমানে পাকিস্তানে উপ হাইকমিশনারের দায়িত্বে রয়েছেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী জানুয়ারিতে তাদের ঢাকা মিশনের দায়িত্ব নেবেন ব্লেইক।

সাড়ে চার বছর ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা গিবসন নতুন কর্মস্থলে যাচ্ছেন। বর্তমানে ঢাকায় যত কূটনীতিক দায়িত্ব পালন করছেন, তার মধ্যে তিনিই সবচেয়ে পুরনো।

লন্ডনের বাসিন্দা ব্লেইক পড়াশোনা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি নেওয়ার পর লন্ডনে প্রত্নতাত্ত্বিক গবেষণায়ও যুক্ত ছিলেন তিনি। ১৯৮৯ সালে ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগ দেন এই নারী।

তিনি ১৯৯৬ সালে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করেন।

ইসলামাবাদ মিশনে যোগ দেওয়ার আগে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কনফ্লিক্ট গ্রুপ’র প্রধান ছিলেন ব্লেইক। যুক্তরাজ্যের স্বার্থ জড়িত এমন যেসব অঞ্চলে সংঘাত রয়েছে, সেখানে স্থিতিশীলতা ফেরাতে কাজ করে ‘কনফ্লিক্ট গ্রুপ’।